নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার, ১১ আগস্ট:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ রোববার অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাবাজার মডেল গার্লস হাই স্কুল ও ছুরতিয়া আলিম মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করে কক্সবাজারের অন্যতম অরাজনৈতিক যুব সংগঠন স্টুডেন্টস’ প্লাটফর্ম বাংলাদেশ।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ১৫২ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতায় কর্মসূচি উৎসবমুখর হয়ে ওঠে।
ক্যাম্পেইনের আহ্বায়ক ছিলেন মোঃ রহমতউল্লাহ এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন শামীম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক রিচি মনি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মনিরুল আজিম, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, শাহরিয়ার শিরিন, মামুন বিন রশিদসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদাতা সংগ্রহ সহজ করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, “এই কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের আগ্রহ বাড়াবে, তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করবে এবং তারা সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসবে।”

0 মন্তব্যসমূহ